নূরানী শিক্ষক নির্দেশিকা
নূরানী সিলেবাসের বইগুলো যদিও বই আকারে লেখা, তবু এগুলো প্রশিক্ষণ অনুযায়ী পড়াতে হয়। শুধু বই দেখে পড়ানো সম্ভব নয়। তাই পরিষদের নির্দেশ: নূরানীর কোনো সিলেবাস নূরানী-প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক পড়াবেন না। প্রশিক্ষণ ছাড়া পড়ালে নূরানীর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। প্রতিটি পাঠদানের আগে "তরীকায়ে তা'লীম" সামনে রেখে পড়াতে হবে।
পরিষদের নূরানী বই
পরিষদের নূরানী সিলেবাসে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত চারটি বিষয়: আরবি শিক্ষা, বাংলা শিক্ষা, গণিত শিক্ষা ও ইংরেজি। সিলেবাসকে যুগোপযোগী করে বাংলা ও ইংরেজিকে গুরুত্ব দিয়ে নৈতিক ও আদর্শ শিক্ষা দেওয়ার লক্ষ্যে বইগুলো তৈরি। ইংরেজি বইয়ের উদ্দেশ্যের মধ্যে আছে শিশুদের ঈমান ও আকীদাকে বিজাতীয় প্রভাব থেকে সুরক্ষিত রাখা।
বইগুলোর উদ্দেশ্য: যেন প্রতিটি মুসলিম শিশু প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, কুরআন, হাদীস, দু'আ ও আদাবসহ ইসলামের প্রাথমিক জ্ঞান সহজভাবে অর্জন করতে পারে।
শিক্ষকদের জন্য ১১টি নির্দেশনা
- নূরানী পড়া-লেখা উন্নত হওয়ার প্রথম ও প্রধান কাজ হলো প্রথম শ্রেণি থেকেই নূরানীর প্রশিক্ষণের নিয়ম অনুসারে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলা।
- দ্বিতীয় শ্রেণির কোনো ছাত্র-ছাত্রী কুরআন শরীফ পড়তে অক্ষম হলে সংক্ষেপে প্রথম শ্রেণির তরীকায়ে তা'লীমের বিষয়গুলো বুঝিয়ে দিন।
- নাজেরায় তাজবীদসহ পড়ার ওপর বেশি গুরুত্ব দিন। আগের শ্রেণিতে পড়া কায়দার বিষয়গুলো সপ্তাহে বা পনের দিনে মুখস্থ দাউর দিয়ে বারবার মুযাকারায় রাখুন।
- দৈনিক নামায আদায়ের অভ্যাস গড়ে তুলুন।
- বইয়ে দেওয়া কিছু মাসায়েল ব্যবহারিকভাবে (প্র্যাকটিক্যালি) শিখিয়ে দিন।
- পায়খানা-প্রস্রাবের পর ঢিলা ব্যবহারের প্রতি গুরুত্ব দিন।
- প্রতিদিন অবশ্যই হাতের লেখা দিন এবং আদায় করুন।
- প্রতিদিন গুরুত্বের সাথে হাজিরা ডাকুন।
- অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের উপস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
- পড়া-লেখার মান উন্নয়নে প্রতিষ্ঠানের শিক্ষকগণ সাপ্তাহিক পরামর্শ করে পাঠদানের ব্যবস্থা নিন।
- মান উন্নয়নের জন্য পরিষদ যে জোড়ের তারিখ ঘোষণা করে, সে তারিখে যথাসময়ে উপস্থিত থাকুন।
প্রথম শ্রেণির আরবি: বিষয়ের ধারা
প্রথম শ্রেণির আরবি বইয়ে বিসমিল্লাহ, দরূদ ও বসার আদব, কালিমা, ২৯টি হরফ, হরকত, মাসায়েল, মদ, জযম, কলকলা, নূন সাকিন, তানবীন, লফযে আল্লাহ ও রা, আদইয়ায়ে সালাত, ১১টি সূরা, হাদীস, মাসনূন দু'আ, সুন্নাত ও আদব এবং তিন ভাষার শব্দ আছে। এসব তরীকায়ে তা'লীমের নিয়মে শেখানো হয়।
আরও পড়ুন
সর্বশেষ হালনাগাদ: ৬ নভেম্বর ২০২৬
